গাজীপুরে এক আবাসিক হোটেলে পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১০ জন তরুণী রয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
বাসন থানার ওসি মো. শাহীন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। এসময় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ তরুণীসহ মোট ১৩ জনকে আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে হোটেলের কর্মচারীরা পালিয়ে যায়।
ওসি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার তাদের আদালতে পাঠানো হবে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হোটেলটিতে দীর্ঘদিন ধরে এমন কার্যকলাপ চলছিল।

অনলাইন ডেস্ক