নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা না দেওয়ায় এক প্রবাসীর হাতের কবজি কেটে দিয়েছে সন্ত্রাসীরা। আহত ওই ব্যক্তির নাম মো. সালাউদ্দিন ওরফে রিদন (৩২)। তিনি চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার বাসিন্দা।
শনিবার (১৬ আগস্ট) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর কন্ট্রাক্টর পোল এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের অভিযোগ, সালাউদ্দিন দক্ষিণ আফ্রিকায় মায়ের সঙ্গে কাজ করতেন এবং গত এক বছর আগে দেশে ফেরেন। আগামী সেপ্টেম্বর মাসে তার কাতার যাওয়ার কথা ছিল। কয়েক মাস আগে পৈত্রিক সম্পত্তি বিক্রি করার পর স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। কিন্তু তিনি তা দিতে রাজি না হওয়ায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়।
শনিবার সকালে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাওয়ার পথে রকি, সোহাগ, রাহাত, ফাহাদসহ কয়েকজন তার গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে বাম হাতের কবজি কেটে দেয়। হামলাকারীরা তার সঙ্গে থাকা ৫ লাখ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোনও ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা গুরুতর আহত সালাউদ্দিনকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পাঠানো হয়।
বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত রকি, সোহাগ ও রাহাতের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে এবং কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক