শাহরাস্তি উপজেলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫” উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান।
ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় আয়োজিত এ সচেতনতামূলক ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো স্থানীয় জনগণকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে সঠিক ধারণা দেওয়া এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. আকলিমা জাহান বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি।
বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন কিংবা ফুলের টবের জমে থাকা পানি পরিষ্কার রাখা জরুরি। জনগণ যদি নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখে তবে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। স্বাস্থ্য বিভাগ এবং ব্র্যাক একসঙ্গে কাজ করছে, যাতে প্রতিটি এলাকায় মানুষকে সচেতন করা যায়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের শাহরাস্তি উপজেলা প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন পলক, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের (সিসিএইচ) অফিসার মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফ্যায়দুল্ল্যাহ মিয়া, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ।
উদ্বোধনী পর্ব শেষে উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় ড্রেন, নালা ও বাজার এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ এবং জমে থাকা পানি পরিষ্কার করা হয়।
ব্র্যাকের কর্মকর্তারা জানান, এ কার্যক্রমের আওতায় উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্কুল, বাজার ও গ্রামে মাইকিং, লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা ক্যাম্পেইন চলমান থাকবে। সচেতনতার মাধ্যমে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধই এই অভিযানের মূল সাফল্য বলে তারা আশা প্রকাশ করেন।

মোঃ মাসুদ রানা