শাহরাস্তিতে এক রাতে দুটি গোয়াল ঘর থেকে প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের চারটি গরু চুরি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গরুর মালিক আবদুল কাদের বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাত অনুমানিক ১১টার দিকে থেকে ২০ সেপ্টেম্বর সকাল ৬টার মধ্যে উপজেলার নালিয়াপাড়া (মিজি বাড়ি) গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে আবদুল কাদের (৬০) প্রতিদিনের মতো তার গোয়াল ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার গোয়াল ঘরে থাকা আনুমানিক ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুটি সাদা-কালো গাভী নেই।
একই সময়ে আবদুল কাদেরের ভাতিজা ও মামলার সাক্ষী আব্দুর রবের গোয়াল ঘর থেকেও দুটি গরু চুরি হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। রাতের আঁধারে সংঘবদ্ধ চোরচক্র তালা ভেঙে গরুগুলো নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে আবদুল কাদের জানান, ঘটনার পর তিনি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তিনি শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার পিপিএম বার জানান, পুলিশ অভিযোগের ভিত্তিতে বিষয়টি অবগত হয়েছে। এখন গরু উদ্ধার ও অপরাধী শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিনিধি