শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার এলাকায় উপজেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে দিনের বেলায় মালামাল আনলোড করার অভিযোগে এক দোকানি ও ট্রাকচালককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, বাজার এলাকায় দিনের বেলায় লোড-আনলোড সম্পূর্ণ নিষিদ্ধ করা হলেও তা অমান্য করে জনশৃঙ্খলা বিঘ্নিত করার দায়ে দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা দায়ের করা হয়। পরে তাৎক্ষণিকভাবে উভয়কে ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত দোকানি রিয়েল এসএস-এর স্বত্বাধিকারী এবং ট্রাকচালক এলানুর রহমান ভবিষ্যতে সরকারি আদেশ অমান্য না করার লিখিত মুচলেকা দিলে তাদের মুক্তি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশে পরিচালিত এ অভিযানে ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন,“জনস্বার্থ ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে সরকারি নির্দেশনা মানা সবার জন্য বাধ্যতামূলক।
বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও যানজট নিরসনে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে শাহরাস্তির ঠাকুরবাজার ও মেহের কালীবাড়ি বাজার এলাকায় দিনের বেলায় মালামাল আনলোডের কারণে সড়কে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়ে আসছে।
এ পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি উপজেলা প্রশাসন কঠোর নিষেধাজ্ঞা জারি করে। তবে কিছু অসাধু ব্যবসায়ী নিয়ম ভঙ্গ করায় প্রশাসন এ অভিযান চালায়।

মোঃ মাসুদ রানা