প্রকাশের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:০২ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশন, নারীকে গাছে বেঁধে মারধর

অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশনে বসা এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আব্দুর রশিদ (২১), তার বাবা আব্বাস আলী (৫০) ও মা চন্দ্রা ভানু (৪৫)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাজাইল গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে বছর খানেক আগে রশিদ ও ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস আগে তারা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর রশিদ বিভিন্ন আত্মীয়ের বাড়িতে স্ত্রীকে নিয়ে অবস্থানও করেন। কিন্তু স্ত্রীকে নিজের বাড়িতে তুলতে অস্বীকৃতি জানান তিনি ও তার পরিবার।

সম্প্রতি রশিদ যোগাযোগ বন্ধ করে দিলে বৃহস্পতিবার সকাল থেকে ওই নারী তার বাড়ির সামনে অনশনে বসেন। দুপুরের দিকে রশিদ ও তার পরিবারের সদস্যরা তাকে গাছে বেঁধে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

নারীর বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তিন ঘণ্টার মধ্যে প্রধান আসামি রশিদসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, “বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি অত্যন্ত নৃশংস; আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন