শারদীয় দুর্গোৎসব-১৪৩২ উপলক্ষে শাহরাস্তি উপজেলার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। বুধবার (১ অক্টোবর ২০২৫) বিকেলে তিনি বরুলিয়া এবং সন্ধ্যায় মেহার কালীবাড়ি হরিসভায় স্থাপিত দুর্গোৎসবের পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন।
চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল চন্দ্র ঘোষের সঞ্চালনায়, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। চাঁদপুর তথা শাহরাস্তিতেও সেই সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স, পুলিশ, আয়োজক ও স্থানীয়দের বিশেষ ভূমিকা রয়েছে। আপনারা নির্ভয়ে সম্প্রীতি বজায় রেখে সুন্দর পরিবেশে দুর্গোৎসব পালন করুন।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন, “শাহরাস্তিতে সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করছে। উপজেলা প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি পূজামণ্ডপে নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম বার), চাঁদপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি (২১ বীর), কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী, শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার ওসি মোঃ আবুল বাসার (পিপিএম বার), শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, শ্রীশ্রী গোপাল জিউ আখড়ার সভাপতি বাবু হারাধন চন্দ্র দে, সাধারণ সম্পাদক শাওন মজুমদারসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, এ বছর শাহরাস্তি উপজেলায় মোট ১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পৌরসভায় ৯টি এবং উপজেলার ১০ ইউনিয়নে ১০টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং আগামী ২ অক্টোবর মহাবিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে।

মোঃ মাসুদ রানা