আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদকে ধানের শীষ প্রতীকের প্রার্থী করার দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গৃদকালিন্দিয়া বাজার এলাকায় এই গণমিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেওয়া নেতা-কর্মীরা লায়ন হারুনুর রশিদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁকে ফরিদগঞ্জ আসনে বিএনপির প্রার্থী করার দাবি জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ ফরিদগঞ্জের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় নেতা। অতীতে তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মতো পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেতাকেই আগামী নির্বাচনে প্রার্থী করা হলে বিএনপি এ আসনটি পুনরুদ্ধার করতে সক্ষম হবে।
বক্তারা আরও বলেন, তৃণমূলের আকাঙ্ক্ষা অনুযায়ী লায়ন হারুনুর রশিদকে মনোনয়ন দিলে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং বিপুল ভোটে বিজয় অর্জন সহজ হবে।
রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মানিক পাটোয়ারী, বিএনপি নেতা মশিউর রহমান রিপনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এস. এম ইকবাল