প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ । ১১:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাদক মামলার সাক্ষীকে তুলে নিয়ে নির্যাতন ও প্রাণনাশের হুমকি

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে এক মাদক মামলার সাক্ষীকে তুলে নিয়ে মারধর, নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের মধ্য বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টার দিকে রূপসা মধ্য বাজারে মাদক মামলায় সাক্ষ্য দেওয়া মো. ফরিদ হোসেন নামের এক যুবককে পূর্বের মামলায় কারাভোগ করা মো. রাছেল ও তার সহযোগীরা প্রকাশ্যে মারধর করে। পরে তারা ফরিদকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। সেখানে দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয় এবং জোরপূর্বক মিথ্যা জবানবন্দির ভিডিও ধারণ করা হয়।
অভিযোগ রয়েছে, অভিযুক্ত রাছেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রায় এক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে মাদকসহ আটক করে কারাগারে পাঠান। সে সময় ফরিদ হোসেন ওই মামলায় সাক্ষী দেন। জামিনে মুক্তি পাওয়ার পর রাছেল প্রতিশোধ নিতে এই হামলা চালায় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
হামলার সময় রাছেল ও তার সহযোগীরা ফরিদকে হত্যার হুমকিও দেয় এবং লাশ গুম করার ভয় দেখায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত ফরিদকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত ফরিদের মা মোছা. পারভীন বেগম (৫০) বুধবার রাতে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি গণমাধ্যমকে জানান,আমার ছেলেকে তারা খুন করার হুমকি দিয়েছে। এখন আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন