চাঁদপুরের হাজীগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ২৩২তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় হাজীগঞ্জ পশ্চিম বাজারে নতুন শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মো. আমজাদ উল্লাহ। স্বাগত বক্তব্যে শাখা ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল জুনায়েদ নতুন শাখার কার্যক্রম ও স্থানীয় সেবা পরিকল্পনা তুলে ধরেন।
উদ্বোধনী বক্তব্যে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রশিদ বলেন, ইউসিবির ইতিহাসে একটিও চেক বাউন্স হয়নি, এক মুহূর্তের জন্যও লেনদেন বন্ধ থাকেনি এটাই আমাদের পেশাদারিত্ব ও গ্রাহক সেবার প্রতীক। এ বছরের প্রথম নয় মাসে ব্যাংকটি ১০ হাজার ১০০ কোটি টাকার বেশি নেট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে এবং সাড়ে পাঁচ লাখেরও বেশি নতুন গ্রাহক যুক্ত হয়েছেন।
তিনি বলেন, চাঁদপুর ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় জেলা। হাজীগঞ্জ একসময় বড় বাণিজ্যকেন্দ্র ছিল, এখনো চাঁদপুর দেশের নবম বৃহত্তম রেমিট্যান্স গ্রহণকারী জেলা। এই অঞ্চলের মানুষের জন্য ইউসিবি নিয়ে এসেছে সর্বাধুনিক ব্যাংকিং সেবা।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্রাউন সিমেন্টের ডিলার মোশাররফ হোসেন, হান্নান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. আবদুল হান্নান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবু এবং বিশিষ্ট চিকিৎসক ডা. আরিফুল ইসলাম সুমন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউসিবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট ডিভিশন) মো. সাইফুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন ইউসিবির ডিস্ট্রিবিউশন ও স্ট্র্যাটেজি বিভাগের প্রধান মো. রীদুয়ানুল হক, রিটেইল বিজনেস বিভাগের প্রধান মো. সফিকুর রহমান, চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাতসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে নতুন শাখার ব্যাংকিং কার্যক্রম শুরু হয়।
ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, হাজীগঞ্জ ও আশপাশের এলাকার ব্যবসায়ী ও গ্রাহকদের জন্য এ শাখা সহজলভ্য ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

মোহাম্মদ মোশারফ হোসেন