চাঁদপুরের শাহরাস্তি উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ২০২৬ সালের উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। ১৩ সদস্যবিশিষ্ট এই উপদেষ্টা কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনটির সভাপতি মঞ্জুর হোসেন সজিব ও সাধারণ সম্পাদক সাহাবদ্দিনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ওমর ফারুক।
অন্য উপদেষ্টারা হলেন—মনির হোসেন, জাকির হোসেন সোহাগ, রবিউল আলম সাদ্দাম, রহমত উল্লাহ পাটোয়ারী, নেয়ামত উল্লাহ, আনোয়ার হোসেন, আহসান হাবীব খাজা, এনামুল হক, এমরান হোসেন, আবু ইউসুফ, মোতাহের হোসেন ও মো. মমিন।
সংগঠনের সভাপতি মঞ্জুর হোসেন সজিব বলেন, “সম্মিলিতভাবে সামাজিক কাজের মাধ্যমে সমাজে মানবতার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার। আশা করি, নবগঠিত উপদেষ্টা কমিটির সদস্যরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।”
সাধারণ সম্পাদক সাহাবদ্দিন বলেন, “২০১৯ সাল থেকে মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করছি। স্বেচ্ছাসেবার মাধ্যমে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি তরুণদের নেতৃত্ব ও দক্ষতা বিকাশেও আমরা কাজ করে যাচ্ছি।”
প্রধান উপদেষ্টা মোহাম্মদ ওমর ফারুক বলেন, “আমাকে এই দায়িত্ব দেওয়ায় সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের লক্ষ্য একটাই মানবতার কল্যাণে সম্মিলিতভাবে কাজ করা। একসঙ্গে এগিয়ে গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”
২০১৯ সালে প্রতিষ্ঠিত দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যেই এলাকায় সুনাম অর্জন করেছে। অসহায় মানুষের সহায়তা, রক্তদান, শিক্ষার্থীদের সহযোগিতা, পরিবেশ পরিচ্ছন্নতা ও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে প্রতিষ্ঠানটি নিয়মিত ভূমিকা রেখে আসছে।

নিজস্ব প্রতিনিধি