প্রকাশের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ । ৪:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ছেলের জন্মদিনে হাজীগঞ্জে ৫০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিলেন এক বাবা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে পাঁচ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহাম্মদপুর গাউছিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ আয়োজনের সহযোগিতায় ছিল মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, চাঁদপুর।
ব্যতিক্রমধর্মী এই সেবামূলক উদ্যোগটি আসে ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুস উল্যাহ-এর পক্ষ থেকে। তাঁর ছেলে ওজায়ের ইবনে ইউনুসের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় এই মানবিক কর্মসূচি।

দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা, ঔষধ ও চশমা প্রদান করা হয়। এছাড়া বাছাইকৃত দেড় শতাধিক রোগীর চোখের অপারেশনের ব্যবস্থা করা হয়েছে, যাদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ থাকা-খাওয়া, ঔষধ ও কালো চশমার পূর্ণ ব্যবস্থা করবে।

মো. ইউনুস উল্যাহ বলেন, “প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল মানুষকে চিকিৎসা সেবা পৌঁছে দিতে গত ৮ বছর ধরে আমরা বিনামূল্যে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহাম্মদপুর গাউছিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন সেলিম।

এসময় বক্তব্য রাখেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মো. আবু জাফর এবং কাঁকৈরতলা জনতা কলেজের প্রভাষক মোজাম্মেল হক কাজল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. কামরুল হোসেন, উপস্থাপনায় ছিলেন মো. ইউছুফ।

এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবিব উল্যাহ, সদস্য মহিউদ্দিন আল আজাদ ও কামরুজ্জামান টুটুল সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানবতার এমন উদাহরণ ছড়িয়ে পড়ুক সর্বত্র, ছেলের জন্মদিনে বাবার এই অনন্য দৃষ্টান্ত ছুঁয়ে গেছে হাজীগঞ্জবাসীর হৃদয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন