শাহরাস্তি পৌরশহরে মোঃ হাবিবুর রহমান (৪০) নামে এক রংমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) রাত থেকে রবিবার সকালের কোন এক সময় এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান পৌরসভার ৭নং ওয়ার্ডের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নিজ মেহের মিজি বাড়ির মৃত ছায়েদ আলীর পুত্র।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , প্রতিদিনের মতো শনিবার রাতে কাজ শেষে ও রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান হাবিব। পরদিন সকালে ছোট ভাইয়ের স্ত্রী জোহরা বেগম তার সন্তানকে জেঠাকে ডাকতে পাঠালে দরজা না খোলায় জানালা দিয়ে তাকিয়ে হাবিবকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এই ঘটনা দেখতে পায়।
পরে নিহতের বড় ভাবি স্থানীয় নারী কাউন্সিলর রাবেয়া বেগম এসে বিষয়টি থানায় অবহিত করেন ।ওই সংবাদে শাহরাস্তি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়দের বরাত দিয়ে আরো জানা গেছে, নিহত হাবিবুর রহমান চার ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন। ঘটনার প্রায় ১৫ দিন আগে তার স্ত্রী শারমিন আক্তার (২৫) ও চার বছর বয়সী একমাত্র সন্তান আব্দুল্লাহ ঢাকায় আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। তিনি একাই ঘরে ছিলেন।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার পিপিএম বার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতা ও পারিবারিক অশান্তি, মানসিক চাপে ভোগছিলেন তিনি এছাড়া হঠাৎ করে এমন মৃত্যু নিয়ে নানান কথা চাউর রয়েছে স্থানীয়দের মাঝে।

শাহরাস্তি অফিস