প্রকাশের সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ । ১০:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মদ বিক্রিতে বিধি-নিষেধ আরো শিথিল করেছে সৌদি আরব

অনলাইন ডেস্ক

সৌদি আরবে বসবাসরত বিদেশিরা জানিয়েছেন, দেশটিতে মদ বিক্রির ওপর বিধিনিষেধ আরো শিথিল করা হয়েছে। রক্ষণশীল এই রাজ্যে কেবল কয়েক দিন আগেই প্রথমবারের মতো কূটনীতিক নন—এমন ব্যক্তিরা মদ কেনার সুযোগ পেয়েছিলেন।

এএফপির সঙ্গে কথা বলা ছয়জন ব্যক্তির মতে, মাসে অন্তত ৫০ হাজার রিয়াল আয় করেন—এমন অমুসলিম বিদেশি বাসিন্দারা এখন রিয়াদে দেশের একমাত্র মদের দোকান থেকে পানীয় কিনতে পারছেন।

গত মাসের শেষ দিকে ‘প্রিমিয়াম ভিসা’ধারীদের রিয়াদে মদ কেনার অনুমতি দেওয়া হয়।

এতে রাজধানীর কূটনৈতিক এলাকায় অবস্থিত ওই দোকান থেকে এই প্রথম কূটনীতিক নন—এমন বাসিন্দারা মদ কেনার সুযোগ পান।
এরপর নীরবে নিয়ম আরো শিথিল করা হয়।

সাম্প্রতিক দিনগুলোতে ক্রেতারা জানান, তারা দোকানের কর্মীদের কাছে নিজেদের আবাসিক কাগজপত্র দেন। এরপর কর্মীরা একটি সৌদি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের বেতনের তথ্য যাচাই করেন, তারপর মদ বিক্রি করা হয়।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধুদের কাছ থেকে বিধিনিষেধ শিথিল হওয়ার খবর পেয়ে এক প্রবাসী এএফপিকে বলেন, ‘আমরা অবাক হয়েছি এবং শুরুতে বিশ্বাসই করতে পারিনি।’

তিনি আরো বলেন, ‘যাচাই করার পর আমরা দোকানে ঢুকি এবং সফলভাবে মদ কিনতে পারি।’

রিয়াদে বসবাসকারী আরেক প্রবাসী নারীও জানান, তিনিও সাম্প্রতিক দিনগুলোতে মদ কিনতে পেরেছেন।

তিনি বলেন, ‘খবরটা শুনে আমাদের আশপাশের মানুষজন যেন পাগল হয়ে গেল—যেন তারা আগে কখনো মদ চেখেই দেখেনি!’

রিয়াদের ওই মদের দোকানে বিক্রি ব্যাপকভাবে বেড়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞা শিথিলের প্রথম ধাপের পর থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৫০০ জনের বেশি প্রিমিয়াম ভিসাধারী বাসিন্দা ওই দোকান থেকে কেনাকাটা করেছেন।
২০১৯ সালে চালু হওয়া সৌদি আরবের প্রিমিয়াম রেসিডেন্ট স্ট্যাটাস একটি নির্বাচিত গোষ্ঠীর বিদেশিদের জন্য প্রযোজ্য। এটি পেতে হলে বিভিন্ন শর্ত পূরণের পাশাপাশি এককালীন আট লাখ রিয়াল পরিশোধ করতে হয়।

সৌদি আরবের অন্যান্য বড় শহরেও আরো মদের দোকান খোলার বিষয়ে নানা প্রতিবেদন ছড়িয়ে পড়েছে।

প্রক্রিয়াটি সম্পর্কে অবগত এক সূত্র জানিয়েছেন, ২০২৬ সালে জেদ্দা ও ধাহরানে মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে।

তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য বা নির্দিষ্ট বিবরণ দেননি।
সূত্র : এএফপি

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন