শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে কৃষিজমির টপ সয়েল কাটায় এক ভেকু মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশি গ্রামে কৃষিজমির ফসলি মাঠে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন এর নির্দেশনায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা-এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানের সময় ভেকুটি জব্দ করা হয়। অভিযান বিষয়ে ইউএনও নাজিয়া হোসেন বলেন, কৃষিজমির টপ সয়েল সংরক্ষণ আমাদের অগ্রাধিকার—এটি নষ্ট হলে কৃষি উৎপাদন ব্যাহত হয়।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, “কৃষিজমির উর্বরতা নষ্টকারী যেকোনো অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
অভিযানে শাহরাস্তি মডেল থানার একদল পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সহকারী ভূমি কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে জমির মালিককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

মোঃ মাসুদ রানা