প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ । ১২:১৩ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

স্কুল মাঠ দখল করে অবৈধ বাজার, উচ্ছেদ করলো ফরিদগঞ্জ প্রশাসন

এস. এম ইকবাল

চাঁদপুরের ফরিদগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে দীর্ঘদিন ধরে চলা অবৈধ বাজার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহআলম শেখ এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৪৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই পাশের নয়াহাট বাজারের সুযোগে বিদ্যালয়ের মাঠে সপ্তাহে দু’দিন শুক্রবার ও সোমবার বাজার বসানো হতো। দীর্ঘদিন ধরে মাঠে বাজার চলায় বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছিল। শিক্ষার্থীরা খেলাধুলা ও শারীরিক চর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল। বিষয়টি নিয়ে সম্প্রতি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আপত্তি দেখা দেয়।

এসব অভিযোগ প্রশাসনের নজরে এলে বিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, “বিদ্যালয়ের মাঠে বাজার বসার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছিল। এমনকি সকালের সমাবেশও সঠিকভাবে করা যাচ্ছিল না। সরকারি সম্পত্তি ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে কোথাও এমন অনিয়ম হলে সেখানেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উচ্ছেদের পর বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন