ফরিদগঞ্জে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে নুর হোসেন খান নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিশাইর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান।
তিনি বলেন, সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিশাইর এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নুর হোসেন খান নামে এক ব্যক্তিকে টপসয়েল কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা করার সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর ছিদ্দিক, ফরিদগঞ্জ থানার এস. আই পিয়াস বড়ুয়া, সুবিদপুর পূর্ব ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা সাহাদাত হোসেন, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমান হোসেন, ইউপি সদস্য সাহাদাত হোসেন ছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় টপসয়েল কাটা অবস্থায় প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে ভ্যেকু চালক দৌড়ে পালিয়ে যায়। পরে দুইটি ভ্যেকু মেশিন জব্দ করে ইউপি সদস্য জাকির হোসেন ও ইউনিয়ন কৃষি উপ-সহকারী কর্মকর্তা ইমান হোসেনের জিম্মায় রাখা হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

এস. এম ইকবাল