প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ । ১০:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বিজয় দিবসে বিএনপির র‌্যালিতে জনতার ঢল, উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মহান স্বাধীনতা সংগ্রামের ৫৫তম বিজয় দিবস–২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাহরাস্তি উপজেলা ও পৌর শাখার আয়োজনে পৌর শহরের মেহেরকালিবাড়ি মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়।
র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকার আলামিন শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এ র‍্যালিতে পায়ে হেঁটে ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পুরো র‍্যালিজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, স্লোগান ও উদ্দীপনা। নেতাকর্মীরা ধানের শীষ, নেতৃবৃন্দের ছবি ও দলীয় প্রতীকসংবলিত প্লেকার্ড ও ফেস্টুন বহন করেন। ঢোল-বাদ্য বাজিয়ে বিজয়ের এই দিনে দলীয় প্রতীকে ভোট প্রার্থনা করেন তাঁরা।
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাকে ধানের শীষের প্রার্থী করা মানে জনগণের সেবক হিসেবে দায়িত্ব অর্পণ করা। জনগণের ভোটে নির্বাচিত হলে শাহরাস্তি ও হাজীগঞ্জের মানুষের উন্নয়ন, ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নিজেকে একজন খাদেম হিসেবে নিবেদন করব। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যেতে চায় মানুষের মৌলিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক—এই সত্য পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, নির্বাচিত হলে জুলুম-নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলার রাজনীতি বন্ধ করা হবে।
প্রশাসনিক অপব্যবহার, অকারণ দরবার সংস্কৃতি ও ক্ষমতার দম্ভের অবসান ঘটিয়ে একটি মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি আশ্বাস দেন, বিনা ওয়ারেন্টে কিংবা বিচারবহির্ভূত পুলিশি হয়রানি আর চলতে দেওয়া হবে না।উন্নয়ন ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করা হবে।
রেশন কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড ও ‘আদার কার্ড’ চালুর মাধ্যমে জনসেবায় কাঠামোগত সংস্কার আনা হবে। তরুণ সমাজকে মাদক, পরকীয়া ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মকে উদ্যোক্তা ও আউটসোর্সিং খাতে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। চলমান সরকারি ভাতা বৃদ্ধি করা হবে এবং মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের জন্য ন্যায্য ভাতার ব্যবস্থা করা হবে। মোবাইল ফোনের অপব্যবহারে পরিবার ভাঙন ও সামাজিক সংকট রোধে সম্মিলিত সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে এমন কোনো কাজ করবেন না, যাতে আমাকে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আমরা সবাই মিলে জনগণের কল্যাণ, উন্নয়ন ও পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব।
বক্তব্যের একপর্যায়ে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মার মাগফেরাত কামনা  ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে জীবনের শেষবারের মতো ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনে অংশ নেবেন। তিনি আরও জানান, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করবেন এবং জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ পাটওয়ারী রুপন ও শাহ মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন ও আক্তার হোসেন পাটোয়ারী, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম পাটোয়ারী, সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম ও সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি মো. আ. মান্নান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল, সদস্য সচিব এহতেশামুল হক গণি, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু, সদস্য সচিব আলী আজগর মোল্লা, যুগ্ম সম্পাদক আদনান নোমান, ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, শ্রমিক দলের সভাপতি মোঃ হেলাল উদ্দিন দুলালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
র‍্যালি শেষে নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন