প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ । ৯:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মাইন্ড ইট, আগে কী হয়েছে ভুলে যান : হাজীগঞ্জে ডিসি নাজমুল ইসলাম

মোহাম্মদ মোশারফ হোসেন

ভোটের মাঠে কোনো ধরনের আইন ও আচরণবিধির ব্যত্যয় ঘটলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হবে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “আমাদের চরিত্র সংশোধনের সময় এসেছে। ভোটের সময় এলেই ‘অমুক ভাই-তমুক ভাই’এই কালচার আর চলবে না। আইন মানবেন স্যালুট পাবেন। আইন ভাঙবেন কোনো ছাড় নেই।”

তিনি আরও বলেন, “আল্লাহ আমাকে আমানতদার হিসেবে জেলা প্রশাসক বানিয়ে চাঁদপুরে পাঠিয়েছেন। এই আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করাই আমার কর্তব্য।”

নির্বাচন নিয়ে গুজব ও শঙ্কার বিষয়ে জেলা প্রশাসক স্পষ্ট করে বলেন, “অনেকে মনে করছেন নির্বাচন হবে না, এ ধারণা ভুল। নির্বাচন হচ্ছে, নির্বাচন করার জন্য সরকার আমাদের পাঠিয়েছে। কোনো হুমকি-ধমকি কাজে আসবে না। কেউ বাড়াবাড়ি করলে তাকে একেবারে জায়গামতো পৌঁছে দেওয়া হবে।”

তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে উদ্দেশ করে বলেন, “নির্বাচনী অনিয়ম হলে আমাকে ফোন দিতে হবে এই সংস্কৃতি বন্ধ করতে হবে। আপনারা নিজেরাই আচরণবিধি মেনে চলবেন। মাইন্ড ইট, আগে কী হয়েছে ভুলে যান।”

জেলা প্রশাসক কঠোরভাবে বলেন, “ওয়াজ বা মাহফিলের মঞ্চে কোনো রাজনৈতিক বক্তব্য চলবে না। কেউ যদি রাজনৈতিক বক্তব্য দেয়, তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন হবে পেশিশক্তি দিয়ে নয়, দরদ দিয়ে, উৎসবমুখর ও নিরপেক্ষ পরিবেশে।”
হাজীগঞ্জ বাজারের যানজট প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “হাজীগঞ্জ বাজার একসময় হকারমুক্ত হয়েছিল। ডিসি বদলি হয়েছে বলে সিদ্ধান্ত বদলাবে না। চেয়ারকে সম্মান করতে শিখুন।”

তিনি সাফ জানিয়ে দেন, ফুটপাতে কোনো হকার বসতে পারবে না। দোকানের বাইরে কোনো মালামাল রাখা যাবে না। রাস্তায় বা ড্রেনের ওপর কেউ বসতে পারবে না। নিয়ম ভাঙলে জরিমানা ও প্রয়োজনে গ্রেপ্তার করা হবে। “কয়েকজনকে গ্রেপ্তার করতে হলেও হাজীগঞ্জ বাজারে যানজট দেখতে চাই না,”বলেন তিনি।

জেলা প্রশাসক বলেন, “হাজীগঞ্জে বহুতল ভবন বেড়েছে। সব ভবন বিল্ডিং কোড মেনে হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। আইন মেনেই ভবন নির্মাণ করতে হবে।”
এছাড়া হাজীগঞ্জ পৌরসভার ময়লা আবর্জনা ব্যবস্থাপনায় দ্রুত ডাম্পিং সিস্টেম চালুর আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আরফিন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন