প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ । ৫:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নিরাপত্তাহীন হাজীগঞ্জ খাদ্য গুদাম: নজরদারির ১৬ ক্যামেরাই নিষ্ক্রিয়

মোহাম্মদ মোশারফ হোসেন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সরকারি খাদ্য গুদামের সবগুলো সিসিটিভি ক্যামেরা দীর্ঘদিন ধরে অচল থাকায় কেপিআই (Key Point Installation) এলাকায় মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ এই খাদ্য সংরক্ষণ কেন্দ্রকে ঘিরে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।

সরকারি খাদ্য গুদাম সূত্রে জানা গেছে-গুদামের ভেতরে ও আশপাশে স্থাপিত মোট ১৬টি সিসিটিভি ক্যামেরা কয়েক মাস ধরে সম্পূর্ণ অকেজো অবস্থায় রয়েছে। ফলে খাদ্যশস্যের মজুত, পণ্য ওঠানামা ও সার্বিক কার্যক্রম কার্যকর নজরদারির বাইরে রয়েছে।

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সরকারি খাদ্য গুদামকে কেপিআই ঘোষণা করা হয়েছে। বিধি অনুযায়ী এমন এলাকায় সার্বক্ষণিক নজরদারি, সচল সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে এর কোনোটি কার্যকর নেই। এতে করে সরকারি খাদ্যশস্যের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ-কেপিআই এলাকায় সিসিটিভি ক্যামেরা অচল থাকা শুধু চরম অবহেলাই নয়, বরং চুরি, অনিয়ম কিংবা যেকোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গুদাম শ্রমিক বলেন-ক্যামেরা ঠিক থাকলে সবকিছু রেকর্ডে থাকত। এখন কিছু হলে প্রমাণ পাওয়া কঠিন।

অপরদিকে,নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা মনে করেন-সরকারি খাদ্য গুদামের মতো কেপিআই এলাকায় কার্যকর সিসিটিভি ব্যবস্থা থাকলে অনিয়ম রোধ করা সম্ভব হতো এবং দুর্ঘটনা বা অপরাধ ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যেত।

এ বিষয়ে হাজীগঞ্জ সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির বলেন-আমি কিছুদিন হলো এখানে যোগদান করেছি। এসে দেখি সব সিসিটিভি ক্যামেরাই নষ্ট অবস্থায় রয়েছে। বর্তমানে সবগুলোই অচল।

উপজেলা খাদ্য কর্মকর্তা ফারজানা মিলি জানান-বিষয়টি আমাদের নজরে এসেছে। সিসিটিভি ক্যামেরা মেরামত ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন বলেন-সরকারি খাদ্য গুদাম একটি অতি গুরুত্বপূর্ণ এলাকা। সেখানকার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত নষ্ট সিসিটিভি ক্যামেরা মেরামত ও প্রয়োজন অনুযায়ী নতুন আধুনিক ক্যামেরা স্থাপনের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, কেপিআই এলাকায় কার্যকর নজরদারি ব্যবস্থা ছাড়া সরকারি খাদ্যশস্যের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন, বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন