শাহরাস্তিতে পৌষের তীব্র শীতপ্রবাহে অসহায় ও স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে শাহরাস্তি উপজেলা প্রশাসন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) রাতে শাহরাস্তি উপজেলার মাঁলরা আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন গরিব, দুস্থ, ছিন্নমূল ও এতিমখানা এবং আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উপজেলার মাঁলরা আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন এলাকায় সরাসরি উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) নাজিয়া হোসেন।
এ সময় তিনি আশ্রয়ণ প্রকল্পের ঘরসমূহ পরিদর্শন করেন এবং শীতার্ত মানুষের খোঁজখবর নেন। কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
এ সময় ইউএনও নাজিয়া হোসেন বলেন, তীব্র শীতপ্রবাহে যেন কোনো অসহায় মানুষ কষ্ট না পায়, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসন মাঠপর্যায়ে কাজ করছে। আশ্রয়ণ প্রকল্পসহ উপজেলার প্রত্যন্ত এলাকার শীতার্ত মানুষদের চিহ্নিত করে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরও বলেন,মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সরকারের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। শীতের এই সময়ে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।
সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন,সরকারের নির্দেশনায় প্রকৃত শীতার্তদের তালিকা প্রস্তুত করে স্বচ্ছতার সঙ্গে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
প্রশাসনের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে উপকারভোগীরা জানান, শীতের এই কনকনে সময়ে একটি কম্বল তাদের জন্য বড় সহায়তা। শীতপ্রবাহ অব্যাহত থাকায় এমন কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, উপজেলার সকল আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী, গরিব, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে।

মোঃ মাসুদ রানা