একটি স্বাভাবিক সংবাদ প্রকাশের পর একজন সাংবাদিককে ডেকে নিয়ে মানসিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য গভীর শঙ্কার বার্তা দিচ্ছে।
ভুক্তভোগী সাংবাদিকের নাম মজিবুর রহমান রনি। তিনি অনলাইন নিউজ পোর্টাল মেঘনা পোস্ট-এ ‘অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির প্রধানীয়ার মনোনয়নপত্র জমা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। অভিযোগ অনুযায়ী, ওই সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে তাকে হাজীগঞ্জ বাজারে অবস্থিত সংসদ সদস্য প্রার্থী জাকির হোসেন প্রধানীয়ার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান নার্গিস ফুড প্যাভিলিয়নে ডেকে নেওয়া হয়।
সাংবাদিক রনির অভিযোগ, সেখানে সংবাদে প্রকাশিত বিভিন্ন বিষয় নিয়ে তাকে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়। একপর্যায়ে পরিস্থিতি এমন হয়ে ওঠে, যাতে তিনি নিজেকে অপমানিত ও নিরাপত্তাহীন মনে করেন। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ না করার জন্য তার ওপর মানসিক চাপও সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
মজিবুর রহমান রনি বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন আচরণের শিকার হওয়া তার জন্য অত্যন্ত কষ্টকর। “পুরো সময়জুড়ে আমি নিজেকে নিরাপদ মনে করিনি,” বলেন তিনি।
এ বিষয়ে সাংবাদিক নেতারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কাউকে ডেকে নিয়ে হেনস্তা করা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। এটি শুধু একজন সাংবাদিকের নয়, জনগণের জানার অধিকারেও আঘাত। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক