প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ । ৮:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে কৃষিজমির টপসয়েল কাটায় অভিযুক্তদের জরিমানা

মোঃ মাসুদ রানা

মো.মাসুদ রানা,শাহরাস্তিঃশাহরাস্তিতে কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে কৃষি ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার রায়শ্রী উত্তর ইউপির দেহেলা গ্রামের উত্তর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে মাটি ব্যবসায়ী মো. নয়নকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০০৯-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।

শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এদিকে এর আগে গত ১০ জানুয়ারি মধ্যরাতে শাহরাস্তি উপজেলার স্বেতি নারায়নপুর, চিতোষী পশ্চিম ও পূর্ব পাথৈর, রায়শ্রী দক্ষিণ এবং ঘুঘুরচপ এলাকায় ভেকুর মাধ্যমে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করা হয়। স্বেতি নারায়নপুর ও পূর্ব পাথৈর এলাকায় মাটি কাটার আলামত পাওয়া গেলেও ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে ঘুঘুরচপ গ্রামে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, কৃষি ফসলি জমির মাটি কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা নষ্ট হয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, আইন অমান্য করে মাটি কাটার সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অভিযানে শাহরাস্তি থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্র আরও  জানায়, কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন