প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ । ৮:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্কুলের ঘণ্টা বাজবে, কিন্তু রাফিনের কণ্ঠ আর শোনা যাবে না…

অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় আবু সাঈদ রাফিন (১৩) নামে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের মুখার্জিঘাট চিকিৎসক অলিউর রহমানের বাড়ির সামনের সড়কের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেন আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম।

রাফিন শহরের নাজির পাড়া সুফিয়া মঞ্জিলের ভাড়াটিয়া বাসিন্দা মো. শাহিনের ছেলে এবং আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহাপুর এলাকার মিরপুর।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাফিন বিদ্যালয় ছুটির পর বাসার উদ্দেশ্যে ওই সড়ক পার হচ্ছিল। ওই সময় কাজী নজরুল ইসলাম সড়কের দিকে যাওয়া পানির ট্যাংকবহনকারী ট্রাকটি ওই শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেলে রেফার্ড করে জরুরি বিভাগের চিকিৎসক। অ্যাম্বুলেন্সে কুমিল্লা নেওয়ার পথে বিকেলে শাহরাস্তির ওয়ারুক নামক স্থানে রাফিনের মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহযোগীকে পাওয়া যায়নি। রাফিনের মরদেহ সুরতহাল করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন