শাহরাস্তি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করে তাদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির গুরুত্ব তুলে ধরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা শুধু একটি সহায়তা কর্মসূচি নয়, এটি তাদের আত্মমর্যাদা ও সম্ভাবনা বিকাশের একটি কার্যকর মাধ্যম। শিক্ষা উপবৃত্তির ফলে প্রতিবন্ধী শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসছে, ঝরে পড়া কমছে এবং পরিবারগুলোর আর্থিক চাপ অনেকটাই লাঘব হচ্ছে। তিনি এ কর্মসূচির সঠিক বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভাপতি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য দেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
সরকারি এই উদ্যোগ সফল হলে প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, বরং সম্পদে পরিণত হবে।
সেমিনারটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক। তিনি তার বক্তব্যে বলেন, সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়মুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ইউএসডব্লিউ কর্মকর্তা মোহাম্মদ আওলাদ হোসেনের সার্বিক সহযোগিতায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সমাজসেবাকর্মী, গণমাধ্যম কর্মী, প্রতীবন্দ্বী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা