প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ । ১:০৩ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পলিটেকনিকে পরীক্ষা বর্জন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি

উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। এই বিতর্কিত প্রস্তাবের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিতব্য সকল প্রকার একাডেমিক পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম অনুযায়ী, উপ-সহকারী প্রকৌশলী পদটি ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত। সম্প্রতি এই পদে বিএসসি ডিগ্রিধারীদের অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাবনা আসার পর থেকেই দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের দাবি, এই প্রস্তাব বাস্তবায়ন হলে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থানের পথ সংকীর্ণ হবে এবং কারিগরি শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হবে। ওইদিন সকালে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা “কারিগরি ছাত্র আন্দোলন”-এর ব্যানারে একত্রিত হয়ে পরীক্ষা বর্জন করে মিছিল বের করেন। মিছিলে নেতৃত্ব দেন ছাত্র নেতা ও চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: মাহবুব এ এলাহী।

এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে “উই ওয়ান্ট জাস্টিস, অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, মানবো না এবং ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ফিরিয় দাও” এমন নানা স্লোগান শোনা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মো: মাহবুব এ এলাহী বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিশেষায়িত। এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশের সুযোগ দেওয়ার প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক এবং আমাদের পেশাগত অস্তিত্বের ওপর আঘাত। যতক্ষণ পর্যন্ত এই গণবিরোধী প্রস্তাব বাতিল না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। অধিকার আদায়ে আমরা কোনো পরীক্ষা বা ক্লাসে অংশ নেব না। আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষাকে ধ্বংস করার লক্ষ্যেই এমন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে। তারা অনতিবিলম্বে এই প্রস্তাব বাতিল করে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য এই পদের পূর্ণ নিশ্চয়তা দাবি করেন।

উল্লেখ্য যে, শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে আজ প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরবর্তী কোনো নির্দেশনা আসে কি না, সেদিকেই তাকিয়ে আছেন শিক্ষার্থীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন