দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন।আর সেই নির্বাচনী হাওয়ায় এখন সরগরম চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুরাণবাজারে দেখা গেল শক্তির বড় প্রদর্শন।
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ঐক্যবদ্ধ নেতাকর্মীরা বের করেন বিশাল নির্বাচনী মিছিল।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)বাদ আছর লোহারপুল এলাকা থেকে শুরু হয় এই মিছিল।
একসাথে স্লোগান, হাতে ধানের শীষের প্ল্যাকার্ড—পুরো এলাকা যেন পরিণত হয় জনসমুদ্রে।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. শাহজালাল শেখ।
সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জহির উদ্দিন বাবর এবং ১ থেকে ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রয়েজ রোড, পলাশের মোড়, নিতাইগঞ্জ, অটো স্ট্যান্ড, মসজিদ পট্টি, আড়তপট্টি, তামাকপট্টি, ফলপট্টি, মাছ বাজার, পুরাতন ফায়ার সার্ভিস মোড়, হরিসভা, পশ্চিম ও মধ্য শ্রীরামদী ঘুরে মিছিলটি পৌঁছায় ঝিল্লুর মার্কেটে।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় কর্মসূচি।
সমাবেশে নেতারা জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনাকে সামনে রেখে শেখ ফরিদ আহমেদ মানিককে প্রার্থী করা হয়েছে।তাঁকে এলাকার গর্বিত সন্তান উল্লেখ করে তারা বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবে।তাদের লক্ষ্য—বিপুল ভোটে বিজয় নিশ্চিত করা এবং একটি নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা।

নিজস্ব প্রতিনিধি