প্রকাশের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি উদ্যোগকে আরও কার্যকর ও সমন্বিত করার লক্ষ্যে শাহরাস্তিতে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, কমিউনিটি প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আকলিমা জাহান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন সরাসরি জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে। ম্যালেরিয়া, ডেঙ্গু, এডিসবাহিত রোগসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্র্যাকসহ উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। স্থানীয় পর্যায়ে যৌথ পরিকল্পনা, নিয়মিত মনিটরিং ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (সিডিসি)-এর প্রতিনিধি, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী, পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য পরিদর্শক ও নার্সরা।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।
সভা সঞ্চালনা করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন পলক। একই সঙ্গে তিনি  ব্র্যাকের পক্ষ থেকে যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরেন ও জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।
আলোচকরা তাদের বক্তব্যে ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকি বিশ্লেষণ, দ্রুত রোগ শনাক্তকরণ এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবাকে আরও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন।সংশ্লিষ্টরা জানান, এ পর্যন্ত প্রকল্পের আওতায় ১২ টি মাইকিং, স্কুল-কলেজে আলোচনা সভা, ৩২টি উঠান বৈঠক, ৩টি ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ২টি সিএইচসিপি/সিএইচডব্লিউ প্রশিক্ষণ, ১টি সরকারি স্টাফ প্রশিক্ষণসহ লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়া ৪টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কমিউনিটির সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ও আরএমও ডা. অচিন্ত্য কুমার চক্রবর্তী, মেডিকেল অফিসার ডা. জসিম উদ্দিন, ডা. সারোয়ারসহ জনপ্রতিনিধি, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন