চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হক নির্বাচিত হলে এলাকায় দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও পুলিশি হয়রানি বন্ধ করে একটি শান্তিময় ও ভয়মুক্ত জনপদ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
নির্বাচনের প্রাক্কালে এক ভিডিও বার্তায় তিনি বলেন, দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি আবারও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। তিনি বলেন, আমার রাজনৈতিক বয়স এখন ৪০ বছর। এই দীর্ঘ সময়ে আমি শুধু রাজনীতির মাঠেই নয়, মানুষের সুখ-দুঃখ, আন্দোলন-সংগ্রাম এবং সামাজিক কর্মকাণ্ডে সবসময় পাশে থেকেছি। আমি আপনাদের কাছে একজন পরীক্ষিত মানুষ।
মমিনুল হক দাবি করেন, বিগত ১৭ মাস সরকারবিহীন প্রতিকূল পরিবেশেও তিনি হাজীগঞ্জ–শাহরাস্তির মানুষের পাশ ছাড়েননি। তিনি বলেন, এই সময়ে এলাকায় কোনো মানুষের প্রতি কোনো ধরনের বৈষম্য হতে দিইনি।নির্বাচিত হলে আগামী পাঁচ বছরের জন্য তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তার প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে। মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্ভয়ে মত প্রকাশের সুযোগ নিশ্চিত করা, ভয়ভীতি ও থ্রেটিংমুক্ত পরিবেশ সৃষ্টি, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ এবং দরবার ও সালিশের নামে চলমান ঘুষ বাণিজ্য সম্পূর্ণরূপে নির্মূল করা।
তিনি আরও বলেন, মানুষ যেন রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে, নিজের অধিকার নির্বিঘ্নে ভোগ করতে পারে, সেটাই আমার লক্ষ্য। ইনশাআল্লাহ, আমি একটি সুখী হাজীগঞ্জ ও শাহরাস্তি দেখতে চাই। কারো প্রতি জুলুম হতে দেওয়া হবে না।
এদিকে বিএনপির শাহরাস্তি উপজেলার সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন পৃথক প্রতিক্রিয়ায় বলেন, তাদের নেতার দেওয়া প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। তারা আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ইঞ্জিঃ মমিনুল হককে বিজয়ী করার জন্য সর্বস্তরের ভোটার ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।

মোঃ মাসুদ রানা