ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের ৭০৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।
জেলার পাঁচ আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি, জামায়াত ও বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ত্রিমুখী লড়াইয়ের আভাস রয়েছে।
ভোটার ও কেন্দ্রের চিত্র
চাঁদপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী পাঁচ আসনে মোট ভোটার ২৩ লাখ ৩১ হাজার ২৩৫ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ২৯ হাজার ৮৭৪ জন, পুরুষ ভোটার ১২ লাখ ১ হাজার ৬৪৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১১ জন।
জেলায় মোট ভোটকেন্দ্র ৭০৬টি এবং ভোটকক্ষ ৪ হাজার ২৬০টি। প্রতি ৬০০ জন পুরুষ ভোটারের জন্য একটি এবং প্রতি ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে কক্ষ নির্ধারণ করা হয়েছে। পুলিশের তথ্যমতে, ৭০৬টি কেন্দ্রের মধ্যে ৪২২টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা
নির্বাচনকে ঘিরে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট ১২ হাজার ৫২৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছেন ১,৯২০ জন পুলিশ সদস্য, ৯৮১ জন সেনাসদস্য, ২৩৫ জন বিজিবি সদস্য, ৯,১৭৮ জন আনসার সদস্য এবং ২১০ জন কোস্টগার্ড সদস্য। এছাড়া মাঠে থাকবেন ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
আসনভিত্তিক প্রার্থী
চাঁদপুর-১ (কচুয়া):
ড. আ ন ম এহসানুল হক মিলন (বিএনপি), আবু নছর মো. মকবুল আহমেদ (জামায়াতে ইসলামী), এনায়েত হোসেন (গণ অধিকার পরিষদ), মোহাম্মদ আজাদ হোসেন (গণফোরাম), আলহাজ নাছির উদ্দিন (ইসলামী ফ্রন্ট) ও হাবিব খান (জাতীয় পার্টি)।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ):
মুফতি মানসুর আহমেদ সাকী (ইসলামী আন্দোলন), মো. এনামুল হক (বাংলাদেশ নাগরিক ঐক্য), ড. মো. জালাল উদ্দিন (বিএনপি), বিল্লাল হোসেন মিয়াজী (এলডিপি), এমরান হোসেন মিয়া (জাতীয় পার্টি), নাসিমা নাজনীন (লেবার পার্টি), মো. ফয়জুন্নুর (বাংলাদেশ রিপাবলিকান পার্টি) ও মো. গোলাফ হোসেন (গণ অধিকার পরিষদ)।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর):
শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি), অ্যাডভোকেট শাহাজাহান মিয়া (জামায়াতে ইসলামী), শেখ জয়নাল আবদিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এ এইচ এম আহসান উল্লাহ (ইসলামী ফ্রন্ট), সাংবাদিক জাকির হোসেন (গণ অধিকার পরিষদ), কমরেড জাহাঙ্গীর হোসেন (কমিউনিস্ট পার্টি) ও অ্যাডভোকেট সেলিম আকবর (গণফোরাম)।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ):
লায়ন মো. হারুনর রশীদ (বিএনপি), জাকির হোসাইন (স্বতন্ত্র), মকবুল হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মাহমুদ আলম (জাতীয় পার্টি), মো. আব্দুল হান্নান (স্বতন্ত্র), মনির চৌধুরী (গণফোরাম), বিল্লাল হোসেন মিয়াজী (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও মো. আব্দুল মালেক বুলবুল (বাংলাদেশ ইসলামি ফ্রন্ট)।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি):
ইঞ্জিনিয়ার মমিনুল হক (বিএনপি), আল্লামা মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী (ইসলামী ফ্রন্ট), মোহাম্মদ আলী পাটওয়ারী (ইসলামী আন্দোলন), মির্জা গিয়াস উদ্দিন (জাতীয় পার্টি), ড. নিয়ামুল বশির (এলডিপি) ও মাহমুদ হাসান নয়ন (ইনসানিয়াত বিপ্লব)।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং ভোটারদের অংশগ্রহণ সন্তোষজনক থাকবে।

অনলাইন ডেস্ক