রাতের আঁধারে সমাজের অসচ্ছল ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বাড়ি বাড়ি ছুটে যান একঝাঁক যুবক। মানবিক এই সহায়তার কাজ করছে সমাজসেবামূলক সংগঠন চতন্তর মানবিক ফান্ডের এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী। প্রতি বছরের ন্যায় এবছরও শনিবার (১৪ ফেব্রুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের এ স্বেচ্ছাসেবীরা দিনের বেলায় প্যাকেট করে রাতের আঁধারে ইফতার নিয়ে চলে যান অসহায়দের ঘরে ঘরে।
জানা গেছে, মানবতার স্বার্থে ২০২১ সাল থেকে কাজ করে যাওয়া এ সংগঠনটি ইফতার বিতরণ কার্যক্রমে অতি দরিদ্র এবং লোকলজ্জার ভয়ে কারো কাছ থেকে চাইতে না পারা মধ্যবিত্ত পরিবারের কাছে তাঁরা ত্রাণগুলো পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছেন। মানবিক দিক বিবেচনায় এবং পারিবারিক দুরবস্থার কথা মাথায় রেখে অন্যান্য সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি ইফতার সামগ্রী অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান সংগঠন এর নেতৃবৃন্দ। তাঁদের ইফতার বিতরণ কার্যক্রমটি প্রতি রমজান মাস চলমান থাকবে এবং যে কেউ চাইলে তাদের এ কার্যক্রমে সহযোগিতা করতে পারবেন।
সংগঠনের সভাপতি মাসুদ হাওলাদার, সহ সভাপতি আবুল হোসেন বেপারী, সাধারণ সম্পাদক সুজন বেপারী ও প্রচার সম্পাদক রাসেল বেপারী সহ অন্যান্য সদস্যদের তত্ত্বাবধানে চতন্তর ও দেবপুর সহ আশপাশের এলাকার প্রায় দেড় শতাধিক মানুষের কাছে উক্ত ইফতার সামগ্রী পৌঁছে দেন তারা।
সংগঠনের কয়েকজন স্বেচ্ছাসেবী প্রিয় চাঁদপুরকে বলেন, রমজান মাসে আমাদের আশপাশে অনেকগুলো পরিবার কোনোরকম কষ্টে দিন কাটান। কিন্তু লজ্জায় কাউকে কিছু বলতেও পারে না, কারো কাছে চাইতেও পারে না। আমরা এমন পরিবারগুলো খুঁজে বের করে রাতের আধাঁরে তাদের বাড়িতে খাদ্যসামগ্রী দিয়ে আসি। এতে করে তারা একটু খুশিতে থাকলে আমাদের একটা তৃপ্তি কাজ করে। প্রবাসী ও এলাকার মানুষের সম্মিলিত সহযোগিতায় আমরা এই মানবিক কাজগুলো করে থাকি। আমরা রমজানে ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি অসহায় রোগীর জন্য চিকিৎসার সহায়তা সহ, অসহায় পরিবারগুলোর পাশে থাকতে চেষ্টা করে যাচ্ছি।

মাসুদ হোসেন