সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে দিগচাইল মানব সেবা সংঘ। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি নিজেদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে এবারও সংগঠনটির উদ্যোগে ‘রমজান ফুড প্যাক’ বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দিগচাইল এলাকার ৭১টি অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের সদস্যরা জানান, সমাজের মানুষের সহযোগিতা ও উৎসাহই তাদের এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে অনুপ্রাণিত করছে।
সংগঠনের নেতৃবৃন্দ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, ভবিষ্যতেও যেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ ও সামর্থ্য বজায় থাকে—এটাই তাদের প্রত্যাশা।
একই সঙ্গে দিগচাইল মানব সেবা সংঘের পরিচালনা কমিটি গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হয়ে মানবকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। আগ্রহী ব্যক্তিদের সংগঠনের সঙ্গে যোগাযোগ করে স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত হওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিনিধি