চাঁদপুরের হাজীগঞ্জে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রান্ধুনীমূড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার একটি দল রান্ধুনীমোড়া গাজী বাড়ির গেটসংলগ্ন পাকা সড়কে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুল জব্বার এবং পুলিশ পরিদর্শক রাজীব শর্মা।
অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে মো. বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাঁকে থানায় নেওয়া হয়।
আটক বিল্লাল হোসেন রান্ধুনীমোড়া এলাকার ইউসুফ আলী বেপারী বাড়ির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে চাঁদপুর জেলা পুলিশ।

নিজস্ব প্রতিনিধি