পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা প্রশাসন একটি অভিযান পরিচালনা করেছেন।
সোমবার দুপুরে শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে বাজার মনিটরিং অভিযান চলাকালে পণ্যের দাম ও মান যাচাই, ন্যায্যমূল্যে বিক্রয় নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণসহ ভোক্তা অধিকার রক্ষায় ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লাল চাকমা এ অভিযান পরিচালনা করেন।
এসময় শাহরাস্তি মডেল থানার একদল পুলিশ সদস্য সহযোগিতা করেন। ইউএনও নাজিয়া হোসেন বলেন, রমজানকে কেন্দ্র করে কেউ যেন অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না করে সেদিকে প্রশাসন কঠোর নজরদারি রাখছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) হিল্লাল চাকমা বলেন, প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। অনিয়ম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ মাসুদ রানা