শাহরাস্তি উপজেলার পৌরসভার নোয়াগাঁও মাঠে কৃষি জমির টপ সয়েল অবৈধভাবে কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে (২৫ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশনায় পরিচালিত অভিযানে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় এক মাটি ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
অভিযানের সময় ভেকু মেশিন ও মাটি পরিবহনে ব্যবহৃত গাড়ির ৩টি ব্যাটারি জব্দ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। তিনি জানান, কৃষি জমির উর্বরতা নষ্ট করে এমন অবৈধ টপ সয়েল কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ফসলি জমি রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কেউ আইন অমান্য করে কৃষি জমি নষ্ট করার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে।

মোঃ মাসুদ রানা