প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ক্ষুদে শিক্ষার্থীদের মেধাই গড়বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ : প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের পীর মহসিন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব-এর নবনির্বাচিত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, “আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মেধা, সততা ও মানবিক মূল্যবোধের চর্চাই গড়ে তুলবে একটি সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশ। একটি শিশুকে সম্মান দেওয়া মানে তার আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলা। এই সংবর্ধনা তাদের মনে নতুন স্বপ্ন বুনে দেবে।”

তিনি আরও বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রয়োজন। পরিবার, শিক্ষক ও সমাজ—এই তিনটি শক্তি একসঙ্গে কাজ করলে শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যেতে পারবে। শুধু পাঠ্যবই নয়, নৈতিক শিক্ষা, প্রযুক্তি জ্ঞান ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে।”

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “সন্তানদের ওপর অযথা চাপ সৃষ্টি না করে তাদের আগ্রহ ও প্রতিভাকে বিকশিত হতে দিন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও মানবিক মূল্যবোধের শিক্ষা নিশ্চিত করতে হবে।”

গনি-আয়েশা ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। মেধাবীদের স্বীকৃতি দেওয়া মানে একটি প্রজন্মকে এগিয়ে নেওয়া। আমি আশা করি, ভবিষ্যতেও এই ফাউন্ডেশন শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আরও বৃহৎ পরিসরে এ কার্যক্রম পরিচালনা করবে।”

পুরানবাজার কলেজের অধ্যক্ষ ফেরদৌসী বেগমের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য সাংবাদিক নেয়ামত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক এম এ লতিফ, কুমিল্লা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, চান্দিনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আরা, ফাউন্ডেশনের সদস্য আনোয়ার হোসেন বাবলু, পীর মহসিন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর শহর সমাজসেবা কর্মকর্তা অনুপ মন্ডল, ফাউন্ডেশনের সদস্য রওশন আরা, আনোয়ার হোসেন বাবলু ও ফেরদৌসী বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

২০২৫ সালের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুলে ২৯ জন, সাধারণ গ্রেডে ৫৪ জন এবং বিশেষ বিবেচনায় ২৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে বৃত্তি লাভ করে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মানিত অতিথিরা ক্রেস্ট, সনদপত্র, প্রাইজ বন্ড ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন