শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক সৌদি প্রবাসীর রান্নাঘর, গোয়ালঘর এবং দুটি গাভীগরু পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার (৪ মার্চ)দুপুরে পৌরশহরের সুয়াপাড়া মৌলভী বাড়ি (ঠাকুর বাড়ি) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ির মৃত ইব্রাহিম খলিলের সৌদি প্রবাসী পুত্র মোঃ মিজানুর রহমান (৫৮)-এর বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের গোয়ালঘরে। এতে গোয়ালঘরে থাকা বড় আকারের দুটি গাভী পুড়ে যায় এবং রান্নাঘরে রাখা বিভিন্ন মালামালসহ সাত বস্তা আলুও সম্পূর্ণভাবে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে শাহরাস্তি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও স্থানীয়রা আরও জানান, আগুনে রান্নাঘরের সব মালামাল ও গোয়ালঘরের গবাদিপশু পুড়ে যাওয়ায় পরিবারের প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।অগ্নিকাণ্ডের বিষয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলার আগুন থেকে অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটতে পারে।
গৃহকর্তার ভাতিজা মাহবুব জানান, আগুনে রান্নাঘরে রক্ষিত সকল মালামাল, সাত বস্তা আলু এবং গোয়ালঘরের দুটি বড় গাভী পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

মোঃ মাসুদ রানা