মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর এলাকায় মাদকবিরোধী র্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ) জুমার নামাজের পর মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম মজুমদার ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এ র্যালিটি রাজাপুর বাজার থেকে শুরু হয়ে সাহেব বাজার বটতলায় গিয়ে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।
প্ল্যাকার্ডগুলোতে মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন, মাদক ছাড়লে জীবন হাসবে,মাদক ও তার গডফাদার সমাজের প্রতিরোধ এবার এবং আসুন সবাই শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এমন বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
মিছিল শেষে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং এটি পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

মোহাম্মদ মোশারফ হোসেন