শাহরাস্তিতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত থেকে শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত শাহরাস্তি মডেল থানা পুলিশের একাধিক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আইয়ুব খান ও এএসআই (নিঃ) ফারুক আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ টামটা উত্তর ইউপির হোসেনপুর বাজার সংলগ্ন মিজি বাড়ির মসজিদের সামনে অভিযান চালান।
এ সময় জেলার কচুয়া উপজেলার আমান উল্লাহ লিটনের পুত্র তানজিল আহম্মেদ অন্তর (১৮) এর কাছ থেকে ৮ পিস এবং আশ্রাফপুর (চৌধুরী বাড়ি) এলাকার আবুল বাশারের পুত্র মোঃ রিয়াজ (১৯) এর কাছ থেকে ৭ পিসসহ মোট ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদের আটক করা হয়।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা একই এলাকার আশ্রাফপুর (মোল্লা বাড়ি) এলাকার সোনা মিয়ার পুত্র নুরুজ্জামান মোল্লা (৬৪) এর কাছ থেকে স্বল্প দামে ইয়াবা সংগ্রহ করে এলাকায় বিক্রি করত। এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামি ও পলাতক সহযোগী নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে একই রাতে এসআই (নিঃ) মিঠুন দাস ও এএসআই (নিঃ) মোঃ শহীদুল্লাহ টামটা দক্ষিণ ইউপির আলীপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ গিয়াস উদ্দিন (৭২) কে তার নিজ হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন।
অপরদিকে এসআই (নিঃ) মোঃ খায়রুল আলম ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন টামটা দক্ষিণ ইউপির ওয়ারুক কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে টামটা উত্তর ইউপির সুরসই (দর্জি বাড়ি) এলাকার আব্দুল রশিদ দর্জির পুত্র মোঃ সাদ্দাম হোসেন (৩০) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করেন।
এছাড়া এসআই (নিঃ) মোঃ আতোয়ার রহমান ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন টামটা দক্ষিণ ইউপির ওয়ারুক স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর এলাকার শামছুল হকের পুত্র শুক্কুর আলম (৩২) কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার অনুযায়ী ১০(ক) ও ১৯(ক)/৪১ ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর এফআইআর নং-০৬, ০৫, ০৩ ও ০২; তারিখ ৫ ও ৬ মার্চ ২০২৬। সংশ্লিষ্ট জিআর নং-৪৫, ৪৪, ৪২ ও ৪১।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে শাহরাস্তি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মোঃ মাসুদ রানা