শাহরাস্তি উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে মো. শাহাদাত হোসেন (৩৭) নামে এক যুবককে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউপির সুরসই এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) নাজিয়া হোসেনের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা অভিযান চালিয়ে অভিযুক্তকে দন্ড প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই এলাকায় অভিযানে গাঁজা সেবনের অভিযোগে মো. শাহাদাত হোসেনকে আটক করা হয়। তিনি সুরসই এলাকার মৃত আব্দুর রশিদের পুত্র ।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের পরিদর্শক তাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযানে সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে শাহরাস্তি উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

মোঃ মাসুদ রানা