প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬ । ৯:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে দেশীয় অস্ত্র ও পিকআপসহ তিন ডাকাত আটক

মোহাম্মদ মোশারফ হোসেন

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, তালা কাটার সরঞ্জাম ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়।

শনিবার (৭ মার্চ) রাতে হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রীজ সংলগ্ন চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক সড়কে চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সোনাপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে মো. জাহেদ, কুমিল্লা জেলার মুরাদনগর থানার খুরুইল গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন (৩৫) এবং একই জেলার দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. মহসীন মিয়া (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) মো. নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন টহলে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কুমিল্লা থেকে একটি ডাকাত দল পিকআপযোগে হাজীগঞ্জ বাজারে ডাকাতির উদ্দেশ্যে আসছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা এবং হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নেতৃত্বে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে হাজীগঞ্জ পূর্ব বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করা হয়। একপর্যায়ে কুমিল্লা থেকে আসা একটি নীল রঙের পিকআপ গাড়িকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।

এসময় আটককৃতদের কাছ থেকে একটি ধারালো রামদা, একটি চাপাতি, একটি দেশীয় তৈরি ধারালো ছুরি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি TATA ব্র্যান্ডের নীল রঙের পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৮-৪০৮০) উদ্ধার করা হয়। এছাড়া পিকআপ গাড়ি থেকে একটি লোহার কাটার, তিনটি লোহার রড, একটি লোহার শাবল, তিনটি পুরাতন সুতির গামছা, পাঁচটি ধারালো ব্লেড ও তিনটি কালো রঙের মাস্ক উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত এসব আলামত জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, হাজীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় তৎপর রয়েছে। অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন