শাহরাস্তি উপজেলায় সৌদি সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরে অসহায় ও দুঃস্থ মানুষ, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং অনাথ আশ্রমের বাসিন্দাদের সহযোগিতার লক্ষ্যে উপজেলার মোট ২৪টি ধর্মীয় প্রতিষ্ঠানে এই খেজুর বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ১২ মার্চ) বিকেলে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হকের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেনের পরামর্শক্রমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় এই বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান (অঃ দাঃ), ছাত্রদলের সভাপতি ইঞ্জিঃ এবিএম পলাশ, সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন, গণমাধ্যমকর্মী, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্থানীয় সাংসদের নির্দেশে সৌদি সরকারের এই মানবিক উপহার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মানুষের জন্য এক ধরনের সহমর্মিতার বার্তা বহন করে। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শুধু ধর্মীয় শিক্ষা নয়, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এমন উদ্যোগ মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে এবং সমাজে সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করে।
খেজুরপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— জামিয়া আরাবিয়া খেড়িহর মাদ্রাসা, দারুল উলুম মহিলা মাদ্রাসা, দৈয়ারা নূরানী মাদ্রাসা, বাইতুন নূর মহিলা মাদ্রাসা ও এতিমখানা, আন নূর ইসলামিয়া একাডেমি মাদ্রাসা, সুচিপাড়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা, ফেরুয়া কওমী মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা (ফেরুয়া বাজার), খামার বাড়ি নূরানী মাদ্রাসা, বেলায়েত নগর নূরানী মাদ্রাসা, জমিরিয়া মাদ্রাসা, কাসেমুল উলুম মাদ্রাসা, মাদ্রাসাতুল সালমান ফারসি (রা.), মাদ্রাসাতুল সালমান ফার্সারি (রা:), জমিয়া ইসলামিয়া ওয়াদুদিয়া মাদ্রাসা, সাদেকিয়া হাফেজিয়া মাদ্রাসা, মারকাযুন নূর আল-ইসলামিয়া মাদ্রাসা, দারুল উলুম রাড়া মাদ্রাসা, আল হুদা মহিলা মাদ্রাসা, শিবপুর তালিমুল কুরআন মাদ্রাসা এবং দারুল উলুম দেবকরা কাওমী মাদ্রাসা।
এছাড়াও উপজেলার কয়েকটি মন্দিরেও সৌদি সরকারের উপহার খেজুর বিতরণ করা হয়েছে। সেগুলো হলো— শ্রী শ্রী মেহের কালীবাড়ি মন্দির, শ্রী শ্রী কালীবাড়ি হরিসভা রাধাকৃষ্ণ মন্দির, শ্রী শ্রী গোপাল জিও আখড়া মন্দির এবং শাহরাস্তি পৌর মহাশ্মশান শিব মন্দির।
উপজেলা প্রশাসন জানায়, সৌদি সরকারের এ উপহার অসহায় মানুষ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাঝে সহমর্মিতা, মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখবে।

মোঃ মাসুদ রানা