পবিত্র রমজান মাস উপলক্ষে চাঁদপুরের প্রশাসন, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
রোববার (১৫ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে আয়োজিত এ ইফতার মাহফিলে জেলার প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক উপস্থিত সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি অত্যন্ত গর্বিত যে আপনারা আমার আহ্বানে আজকের ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন। এখানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা রয়েছেন। আপনাদের সহযোগিতা পেলে আমরা সবাই মিলে একটি সুন্দর ও উন্নত চাঁদপুর গড়ে তুলতে পারব।
তিনি আরো বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চাঁদপুর সদর ও হাইমচরকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরে দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর সৈয়দ কামরুর হাসান, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সাইদ হোসেন অপু চৌধুরী