আসন্ন আশরাফপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ ছাত্রনেতা এম. আবু ফয়েজ। তাঁর প্রার্থিতার খবরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটার ও দলীয় নেতা–কর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এম. আবু ফয়েজ বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এবং কচুয়া উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। স্থানীয়ভাবে তিনি রাজপথের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, তাঁর প্রার্থিতার খবর ছড়িয়ে পড়ার পর বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে উৎসাহ দেখা গেছে। অনেকেই একজন শিক্ষিত ও সক্রিয় নেতৃত্ব পাওয়ার প্রত্যাশা করছেন।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আবু ফয়েজ বলেন, তিনি ছাত্ররাজনীতির শুরু থেকেই মানুষের অধিকার আদায়ে কাজ করছেন। আশরাফপুর ইউনিয়নের উন্নয়ন ও সেবার ঘাটতির কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে অবকাঠামো উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবেন।
তিনি আরও বলেন, “সাধারণ মানুষের সমর্থন পেলে আশরাফপুর ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করার চেষ্টা করব।”
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাকালে সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে আবু ফয়েজ ইতিমধ্যে একটি আলাদা অবস্থান তৈরি করেছেন।

আবু সাঈদ, কচুয়া