প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ । ২:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় জগতপুর বাজারে আগুনে প্রাণহানি, পুড়ল একাধিক দোকান

আবু সাঈদ, কচুয়া

চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যক্তি নিহত হয়েছেন। আগুনে অন্তত চারটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তি আক্তার (পরিচিত নাম) শাহ আলম সিএনজি গ্যারেজের কর্মচারী ছিলেন। তিনি রাতে জুয়েল রানা অটো পার্টস দোকানে ঘুমিয়ে ছিলেন। দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় তিনি বের হতে পারেননি বলে জানা গেছে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন, ইসরাফিল মিয়া ও মোহাম্মদ নুরুল আলম। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে ইউসুফ আলীর স্যানিটারি দোকান, নূর মোহাম্মদের ফার্নিচারের দোকান এবং জুয়েল রানা অটো পার্টস উল্লেখযোগ্য।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানের মালামাল ও নগদ অর্থ পুড়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

জগতপুর বাজার ব্যবসাপরিচালনা কমিটির সভাপতি হোসেন ইমাম মুন্সী বলেন, “অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন