প্রকাশের সময়: রবিবার, ২২ মার্চ, ২০২৬ । ৯:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় মাদকবিরোধী প্রতিরোধ সভা, ১০টি কমিটি গঠন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা গ্রামে মাদকাসক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আলোচনা সভা ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে কাদলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন। তিনি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে অভিভাবকদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, কাদলা গ্রামের প্রতিটি মহল্লায় একটি করে মোট ১০টি কমিটি গঠন করা হবে। কোনো ব্যক্তি মাদকসেবী বা ব্যবসায়ীকে ধরিয়ে দিলে তাঁকে দুই হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়। কমিটির সদস্যরা প্রতি মাসে সভা করবেন, নিয়মিত টহল দেবেন এবং মাদকাসক্তদের পরিবারের সঙ্গে কথা বলে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেবেন।

এ ছাড়া মাদকবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ঝুঁকি থেকে রক্ষা করতে শিশু-কিশোরদের মাগরিবের নামাজের পর ঘরে অবস্থান করার আহ্বান জানানো হয়। নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তপাদারের সভাপতিত্বে ও কাদলা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সোহেল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সমাজসেবক আলহাজ আবু বক্কর তোফাদার, ফারুক আহমেদ, ব্যবসায়ী আব্দুল হান্নান মজুমদার, সাবেক ব্যাংকার মাহবুব আলম, আবুল হোসেন, আবু নাসের মিয়া, বশির উল্লাহ রোকন, ইউপি সদস্য আলাউদ্দিন ও মিজানুর রহমান প্রমুখ।

সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, সচেতন মহল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন