চাঁদপুরের কচুয়া উপজেলার পিপলকরায় উৎসবমুখর পরিবেশে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে পিপলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক এম. আবু ফয়েজ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীর গঠন করে না, এটি মনকেও সতেজ রাখে এবং বিপথগামী হওয়া থেকে বিরত রাখে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে মাঠভিত্তিক কার্যক্রম অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, তরুণরা যদি মাঠমুখী হয়, তবে তারা অপরাধ ও মাদক থেকে দূরে থাকবে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি খেলোয়াড়দের শৃঙ্খলার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচ ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ওলামাদলের সদস্য আবদুর রহিম, আশরাফপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল বাশার, সিনিয়র সহসভাপতি রাসেল কবির, সহসভাপতি রাশেদ পাটোয়ারী, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ নুরুল আফসার এবং ক্রীড়া সংগঠক মজিবুর রহমানসহ অন্যান্যরা।

আবু সাঈদ, কচুয়া