চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, প্রেমঘটিত বিরোধের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ২৭ মার্চ ভোর ৫টা ৪০ মিনিটের মধ্যে কোনো এক সময় হাজীগঞ্জ উপজেলার ৮ নম্বর পূর্ব হাটিলা ইউনিয়নের লাউকরা গ্রামের নিজ বাড়ির উত্তর পাশে একটি জারুল গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিয়াদ হোসেন (১৮) নামের ওই তরুণের মরদেহ পাওয়া যায়।
রিয়াদ হোসেন একই গ্রামের আব্দুল মালেক ও সালেহা বেগমের ছেলে।
স্থানীয় আ. মালেক (৬৫) জানান, প্রেমসংক্রান্ত বিরোধের জের ধরে রিয়াদ কাউকে কিছু না জানিয়ে বাড়ির পাশে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার পুলিশ জানায়, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মেহেদি হাসান রিমেল