প্রকাশের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ । ৯:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ড্রিমফিল ফাউন্ডেশনের এক যুগপূর্তি: সেবা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে বর্ণিল দিন

আবু সাঈদ, কচুয়া

“মানবতার সন্ধানে আলোকিত আমরা”—এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন ড্রিমফিল ফাউন্ডেশনের এক যুগ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী জগতপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় সংগঠনটির ১২ বছর পূর্তি। এ উপলক্ষে সদস্যদের মিলনমেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সংগঠনের উপদেষ্টা হোসেন ইমাম মুন্সী। সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এবং কচুয়া উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এম. আবু ফয়েজ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি বলেন, একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠনের এক যুগ পার করা গৌরবের বিষয়। ড্রিমফিল ফাউন্ডেশন যেভাবে আর্তমানবতার সেবায় কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে বিনামূল্যে চিকিৎসা ও রক্ত নির্ণয়ের মতো উদ্যোগ সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে।

দিনব্যাপী আয়োজনে এলাকার অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিও পরিচালিত হয়।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মাসুদ এলাহী সুভাষ। তিনি ড্রিমফিল ফাউন্ডেশনের এক যুগের পথচলাকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এর কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সফল করতে নিরলস পরিশ্রম করেন সংগঠনের সভাপতি ওবায়েদ উল্লাহ বুলন, সহ-সভাপতি মির সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল হাসান বাপ্পি, ফয়সাল, কাউসারসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠান শেষে জগতপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সংগঠনের উপদেষ্টাদের ক্রেস্ট প্রদান এবং এলাকায় সক্রিয় সাতটি মানবিক সংগঠনকে সম্মাননা জানানো হয়।

গত এক বছরে বিশেষ অবদান রাখায় পাঁচজন সদস্যকে ‘সুপারস্টার’ সম্মাননা দেওয়া হয় এবং সংগঠনের সকল সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়।

দিনের আয়োজনের সমাপ্তি ঘটে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন