শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ৩১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একাধিক চৌকস টিম নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।
গত ২৬ মার্চ শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঠাকুর বাজার এলাকায় মিয়াজী ক্লোথ স্টোরের সামনে অভিযান চালায় এসআই (নিঃ) মো. বেলায়েত উল্লাহ ও এএসআই (নিঃ) ফারুক আহাম্মদের নেতৃত্বাধীন একটি দল।
এ সময় জসিম উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে তার নিজ হেফাজত থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি শ্রীপুর এলাকার (চাঁন কাজী মিজি বাড়ি), পৌর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
একই দিনে পৃথক আরেকটি অভিযানে এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূইয়া ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেনের নেতৃত্বে পুলিশ শাহরাস্তি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজির কামতা এলাকায় অভিযান চালায়। জয়নাল কমিশনারের ‘স’ মিলের উত্তর দিকে অভিযান পরিচালনা করে রিপন হোসেন (৩৪) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ১১ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
তার বাড়ি কাজির কামতা (বড় বাড়ি) এলাকায়। ওই দুটি ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রুজু করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “শাহরাস্তিকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। কোনো মাদক ব্যবসায়ী বা সংশ্লিষ্ট ব্যক্তি আইনের আওতার বাইরে থাকতে পারবে না। নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযানের মাধ্যমে মাদক নির্মূলে আমরা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করব।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মোঃ মাসুদ রানা